হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, সৌদি আরবের গভীরে ইয়েমেনের হামলা জোরদার হওয়া এবং দেশটির অভ্যন্তরে লক্ষ্যবস্তুর তালিকা সম্প্রসারিত হওয়ার ফলে সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা ক্রমেই ক্ষয়প্রাপ্ত হচ্ছে। এ পরিস্থিতিতে মার্কিন সংবাদপত্র লস অ্যাঞ্জেলেস টাইমস সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, আঞ্চলিক যুদ্ধ এবং ইয়েমেনের হামলার কারণে সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত কমে যাচ্ছে। পাশাপাশি সৌদি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে চ্যালেঞ্জ বাড়ছে। এ কারণে রিয়াদ প্রতিরক্ষা অস্ত্রের উৎস বহুমুখী করার এবং মার্কিন ব্যবস্থার ওপর নির্ভরতা কমানোর উদ্যোগ নিয়েছে।
সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় সংকট
ওই সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদ ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে সামরিক সহযোগিতা সম্প্রসারণ শুরু করেছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় দেশে প্রতিরক্ষা অস্ত্র উৎপাদনের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এসব উদ্যোগের লক্ষ্য হলো মার্কিন অস্ত্রের তুলনায় কম খরচে ও দ্রুত পাওয়া যায়-এমন প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করা।
প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অত্যধিক ব্যয়, ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুত পুনরায় পূরণ করতে দীর্ঘ সময়ের প্রয়োজন এবং এসব অস্ত্রের চাহিদা বৃদ্ধির ফলে বৈশ্বিক সরবরাহব্যবস্থার ওপর চাপ-এসব কারণে সৌদি আরব ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখে পড়েছে।
লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ‘PAC-3’ মডেলের প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৪০ লাখ ডলার এবং ‘থাড’ ব্যবস্থার প্রতিটি ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ১ কোটি ২০ লাখ ডলার। একটি PAC-3 ক্ষেপণাস্ত্র তৈরি করতে ২৪ থেকে ৩০ মাস সময় লাগে। আর লকহিড মার্টিন বছরে মাত্র ৬০০টির কিছু বেশি এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করে।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কোনো একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে প্রতিরোধমূলক অভিযানে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই পদ্ধতিকে ‘প্রথমে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, পরে ফলাফল মূল্যায়ন’ বলা হয়। এর ফলে হামলার সংখ্যার তুলনায় প্রতিরক্ষামূলক গোলাবারুদের ব্যবহার দ্বিগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে।
সৌদি আরবের ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের মজুতের সঠিক পরিমাণ এখনো গোপন রাখা হয়েছে। তবে বিশ্লেষকদের মূল্যায়ন অনুযায়ী, গত জুলাই মাস নাগাদ দেশটি তার মজুতের প্রায় ৮৬ শতাংশ ব্যবহার করে ফেলেছিল। ইয়েমেনের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার এবং দেশটির পুনরায় হামলা শুরু করার সময়ের সঙ্গে এই পরিস্থিতির মিল রয়েছে।
ইয়েমেনের হামলার লক্ষ্যবস্তুর তালিকায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা
সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের ধারাবাহিক হামলার বিষয়ে লস অ্যাঞ্জেলেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে রয়েছে ‘পূর্ব-পশ্চিম’ তেল পাইপলাইন, যা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত সৌদি আরবের জ্বালানি রপ্তানি পরিবহনের অন্যতম কৌশলগত পথ।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ওই হামলায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। হামলার ফলে দীর্ঘ সময়ের জন্য বিমান চলাচল ব্যাহত হয় এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক অনুষ্ঠান বাতিল অথবা পিছিয়ে দেওয়া হয়।
এ ছাড়া চলতি বছরের ৮ নভেম্বর সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানির রিয়াদের কেন্দ্রীয় কার্যালয়েও আরেকটি হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তরও ইয়েমেনের হামলার লক্ষ্যবস্তু হয়।
লস অ্যাঞ্জেলেস টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলা সৌদি আরবের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে থাকা চ্যালেঞ্জগুলোর ব্যাপকতা স্পষ্ট করে তুলেছে। দেশটির বিশাল ভৌগোলিক আয়তন এবং সব অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য পূর্ণাঙ্গ রাডার সুরক্ষা নিশ্চিত করার কঠিন বাস্তবতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
আমেরিকার সঙ্গে ব্যয়বহুল অস্ত্রচুক্তিও সৌদি আরবকে রক্ষা করতে পারছে না
সৌদি আরব দীর্ঘদিন ধরেই মার্কিন অস্ত্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। কিন্তু নিজেদের অস্ত্রভান্ডার শক্তিশালী করতে বড় অঙ্কের অস্ত্রচুক্তি অনুমোদিত হওয়ার পরও প্রয়োজনীয় সময়ে পর্যাপ্ত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্র সংগ্রহ করতে দেশটি সমস্যার মুখে পড়েছে।
গত জানুয়ারিতে সৌদি আরবের জন্য ৭৩০টি প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্র কেনার উদ্দেশ্যে ৯০০ কোটি ডলারের একটি প্রস্তাবে মার্কিন কংগ্রেস সম্মতি দেয়।
লকহিড মার্টিনও জানিয়েছে, চলতি বছরের শুরুতে সৌদি আরবের সঙ্গে ৫ হাজার ৮০০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় ২০৩০ সালের শেষ নাগাদ PAC-3 ক্ষেপণাস্ত্র উৎপাদনক্ষমতা তিন গুণ বাড়িয়ে বছরে ২ হাজারটির বেশি করার পরিকল্পনা রয়েছে।
অন্যদিকে, ৩ হাজার ৫০০ কোটি ডলারের আরেকটি চুক্তির আওতায় থাড ক্ষেপণাস্ত্রের উৎপাদন চার গুণ বাড়িয়ে বছরে প্রায় ৪০০টিতে উন্নীত করার পরিকল্পনা করা হয়েছে। তবে এই উৎপাদনক্ষমতা অর্জন করতে সময় লাগবে। ফলে সৌদি আরবের নির্ধারিত সময়সীমার মধ্যে তাদের প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্র সরবরাহ নিশ্চিত হবে-এমন কোনো নিশ্চয়তা নেই।
অন্যদিকে, এসব ক্ষেপণাস্ত্র সংগ্রহের ক্ষেত্রে সৌদি আরবকে প্যাট্রিয়ট ব্যবস্থা ব্যবহারকারী অন্যান্য দেশের সঙ্গেও প্রতিযোগিতা করতে হচ্ছে। বর্তমানে ১৯টি দেশ এই ব্যবস্থা ব্যবহার করছে। এর মধ্যে কয়েকটি দেশ ইউক্রেন যুদ্ধের কারণে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের ঘাটতিতে রয়েছে। এ ছাড়া মার্কিন সেনাবাহিনীও ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রায় ২ হাজার ক্ষেপণাস্ত্র কেনার অর্ডার দিয়েছিল।
আরেকটি বড় সমস্যা হলো, প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের ব্যয় এবং হামলায় ব্যবহৃত অস্ত্রের ব্যয়ের মধ্যে বিশাল ব্যবধান। উদাহরণস্বরূপ, কয়েক হাজার ডলার ব্যয়ে তৈরি একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে কয়েক মিলিয়ন ডলারের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। অথচ তুলনামূলক কম ব্যয়ের আক্রমণাত্মক অস্ত্র অনেক দ্রুত উৎপাদন করা সম্ভব।
ইউক্রেন ও দক্ষিণ কোরিয়া: রিয়াদের নতুন প্রতিরক্ষা বিকল্প
অস্ত্রের বিকল্প উৎস খুঁজে বের করার প্রচেষ্টার অংশ হিসেবে সৌদি আরব ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ করেছে। এ লক্ষ্যে আক্রমণকারী ড্রোন প্রতিহত করার জন্য স্বল্পমূল্যের ড্রোন কেনার একটি চুক্তিও স্বাক্ষর করেছে।
এ ছাড়া সৌদি সেনাবাহিনী ইউক্রেনের তৈরি বিভিন্ন প্রতিরোধী ব্যবস্থা পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে ‘স্কাইফল’ কোম্পানির তৈরি ‘P1-Sun’ ক্ষেপণাস্ত্র।
আঞ্চলিক যুদ্ধ শুরুর আগেই সৌদি আরব দক্ষিণ কোরিয়ার সঙ্গে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা খাতে ৩২০ কোটি ডলারের একটি চুক্তি করেছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্যাট্রিয়ট ও থাড ব্যবস্থার পাশাপাশি নিজেদের অস্ত্র সক্ষমতা আরও শক্তিশালী করা।
তবে রিয়াদের তৎপরতা শুধু এই দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। সৌদি আরব আঞ্চলিক ও আন্তর্জাতিক মিত্রদের সহায়তায় নিজেদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক শক্তিশালী করার চেষ্টা করছে। এ ক্ষেত্রে তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য, ফ্রান্স, গ্রিস ও মিশর সৌদি আরবের সহযোগী দেশগুলোর মধ্যে রয়েছে।
এ লক্ষ্যে ফ্রান্স ও যুক্তরাজ্য সৌদি আরবের আকাশসীমায় প্রতিরক্ষামূলক টহল দেওয়ার জন্য যুদ্ধবিমান পাঠিয়েছে। অন্যদিকে, ‘মক্কা চুক্তি’ নামে সৌদি আরবের সঙ্গে সামরিক জোট গঠনের পর তুরস্ক ও পাকিস্তান তাদের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্য এবং অপারেশনাল ইউনিট সৌদি আরবে পাঠিয়েছে।
গ্রিসও ২০২১ সাল থেকে সৌদি আরবের উপকূলীয় শহর ইয়ানবুতে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি মোতায়েন করে রেখেছে। এ ছাড়া গত মাসে মিশরের পার্লামেন্টও একটি প্রতিরক্ষা মিশনের আওতায় সৌদি আরবে সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে।
সৌদি আরবের ভৌগোলিক দুর্বলতা এবং ইয়েমেনের কৌশলী পদক্ষেপ
তবে সৌদি আরবের সামনে থাকা চ্যালেঞ্জ শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরোধী অস্ত্রের ঘাটতি ও উচ্চমূল্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। দেশটির বিশাল ভৌগোলিক আয়তনও প্রতিটি অঞ্চলকে সুরক্ষিত রাখার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে রাডার ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একই সময়ে সৌদি আরবের পুরো ভূখণ্ডে পূর্ণাঙ্গ সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
লস অ্যাঞ্জেলেস টাইমস আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের প্রতিরক্ষা ও সামরিক বিষয়ক বিশ্লেষক ‘সাসকা ব্রুখম্যান’-এর বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবের বিশাল আয়তনের কারণে পুরো দেশে রাডার নজরদারির আওতা তৈরি করা কঠিন। এ কারণে সামরিক বাহিনীকে হুমকির ধরন অনুযায়ী এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে তাদের সামরিক ইউনিট স্থানান্তর করতে হয়।
এই সামরিক বিশ্লেষক ব্যাখ্যা করেছেন, ইয়েমেনিরা সৌদি আরবের সঙ্গে নিজেদের ভৌগোলিক নৈকট্যের সুযোগ কাজে লাগায়। তারা রাডার নজরদারির দুর্বল স্থানগুলো শনাক্ত করে সেসব ফাঁকফোকর ব্যবহার করে হামলা চালানোর চেষ্টা করে। ইয়েমেনিদের অস্ত্রের পাল্লাও তাদের এমন সুযোগ করে দেয়, যাতে তারা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য নিক্ষেপযোগ্য অস্ত্র এমন পথ দিয়ে পরিচালনা করতে পারে, যেগুলো সরাসরি লক্ষ্যবস্তুর দিকে না গিয়ে এমন সব অঞ্চল অতিক্রম করে, যেখানে শনাক্তকরণ সরঞ্জাম ও রাডার সেন্সর তুলনামূলক কম মোতায়েন রয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনিরা এসব দুর্বলতা কাজে লাগানোর ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করেছে। এ কারণে একাধিক স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও তাদের হামলা প্রতিহত করা আরও কঠিন হয়ে পড়েছে।
আপনার কমেন্ট